যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

যশোরের শার্শার হাড়িখালিতে ট্রাকের ধাক্কায় মহেন্দ্র চালকসহ ৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৫ মার্চ) বিকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

ট্রাকের ধাক্কায় দুমড়ে যাওয়া গাড়িনাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, যাত্রীবাহী একটি মহেন্দ্র বাগ-আঁচড়ার হাড়িখালীতে রাস্তার পাশে যাত্রী নামাচ্ছিল। এ সময় বাগ-আঁচড়াগামী বগুড়া-ট ১১-১৪৯২ নম্বরের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মহেন্দ্রকে ধাক্কা দেয়। এ সময় মহেন্দ্র চালক, যাত্রী ও পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। পরে মহেন্দ্র চালক নজরুল ইসলাম (৫৫), নাভারনের আবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৪) ও বেনাপোল বন্দর থানার ছোট আঁচড়া গ্রামের লিটনের স্ত্রী রোকসানাকে (২৫) কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়া পরে যশোর জেনারেল হাসপাতালে সোনাতনকাঠি এলাকার শাহজাহানের ছেলে সুমন (১০) মারা যায়।

হাসপাতালে নিহতদের স্বজনের আহাজারিশার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাই আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
যশোর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অমৃতা আহমেদ জানান, হাসপাতালে শিশু সুমন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনায় নিহত সুমনের মা আমেনা বেগম (৪২), বোন শারমিন (২০), নিহত দিলরুবার ছেলে অঙ্কনসহ (৮) চারজন চিকিৎসাধীন রয়েছেন।