খুলনায় গণপিটুনিতে নিহত ১

গণপিটুনিখুলনার ফুলতলা উপজেলার পঠিয়াবান্দা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মো. গোলাম আলী শেখ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৫ মার্চ) এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৬ জনকে ধরে থানায় নিয়েছে।

এরা হলেন- স্থানীয় আ. লতিফের স্ত্রী আয়েশা বেগম, পঠিয়াবান্দা গ্রামের প্রসেনজিৎ হালদার, প্রণাম হালদার, ছাতিয়ানী গ্রামের আনোয়ার হোসেন, গাড়াখোলা গ্রামের জিয়া গাজী ও ইমামুল হোসেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সি বাংলা ট্রিবিউনকে জানান, গোলাম আলীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, পঠিয়াবান্দা গ্রামের লতিফ বিশ্বাস একটি গরু বাড়ির সামনের বিলে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে যায়। রবিবার সকাল ৯টায় শাহাপুর মধুগ্রামের গোলাম আলী শেখ গরুটি নিয়ে রাস্তা দিয়ে জামিরা সড়কে যাচ্ছিল। এ সময় লতিফের স্ত্রী আয়েশা বেগম দেখতে পেয়ে চিৎকার করে। এতে লোকজন জড়ো হয় এবং গোলাম আলীকে গরু চোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গোলাম আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রথমে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।