সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

সাতক্ষীরা জেলাসাতক্ষীরার কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন  আরও দুইজন।  মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জের পিরোজপুর কাটাখালি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। সাতক্ষীরা কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান মেহেদী সিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার নীজদেবপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে আব্দুল মান্নান সরদার (৫০) ও সোনাতলা গ্রামের আজগর আলির ছেলে নূর হোসেন (৩২)। আহতরা হলেন তুহিন ও শান্ত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জনা যায়,   নূর হোসেন মোটরসাইকেলে করে  সাতক্ষীরার  দিকে আসছিলেন। তার মোটরসাইকেলে ছিলেন তুহিন ও শান্ত। তারা কালিগঞ্জের কাটাখালি নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের মুখেমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত ও দুইজন আহত হয়।

এএসপি জানান, মোটর সাইকেল সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।  নিহতদের লাশ উদ্ধার করে দেবহাটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতরা একই স্থানে চিকিৎসাধীন আছেন।