সুন্দরবনে জিম্মি ১৭৮ বাওয়ালি উদ্ধার

সুন্দরবনে জিম্মি ১৭৮ বাওয়ালি উদ্ধারদস্যুদের হাতে জিম্মি ১৭৮ জন বাওয়ালিকে উদ্ধার করা হয়েছে। এ সময় ৫৫টি নৌকাও উদ্ধার করা হয়। খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন টেপার ভাড়ানি খাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড মংলা জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানান। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোশারফ বাহিনীর হাতে তারা জিম্মি ছিল। গোপন খবরের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা জোন রবিবার দিবাগত রাত ২টায় অভিযান শুরু করে। সোমবার বিকাল ৫টায় অভিযান শেষ হয়। দাকোপ থানার টেপার ভাড়ানি খাল সংলগ্ন এলাকা থেকে ১৭৮ জন বাওয়ালিসহ ৫৫টি নৌকাও উদ্ধার করা হয়। বাওয়ালিদের জিম্মি করে দস্যুরা নৌকায় অবস্থান করছিল। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। এই সময় কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায় এবং দস্যুদের ধাওয়া করে। কিন্তু, দস্যুরা ইঞ্জিনচালিত নৌকা দিয়ে গহীন জঙ্গলে পালিয়ে যায়। এই সময় ডাকাতদের দুটি আস্তানা ধ্বংস করা হয়।

উদ্ধার বাওয়ালিদের বাড়ি খুলনার দাকোপ থানার বিভিন্ন গ্রামে। বাওয়ালি ও নৌকা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আদাচাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দস্যু নির্মূলে কোস্টগার্ড বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’