সাতক্ষীরা তলুইগাছা সীমান্তে ২৭ পিস স্বর্ণের বার উদ্ধার

সাতক্ষীরা জেলাসাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এসময় কোনও চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সরকার মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সরকার মো. মোস্তাফিজুর রহমান  জানান, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থান নেয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির অবস্থান বুঝতে পেরে রাস্তার ওপর স্বর্ণের বারের প্যাকেটটি ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটটির ভিতরে তল্লাশি চালিয়ে ২৭ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বিকালে উদ্ধার হওয়া ২৭ পিস স্বর্ণের বারের ওজন ও মূল্য  জানানো হবে।