জানা যায়, শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ, উৎপাদন প্রক্রিয়া চালুর দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এ মহাসড়ক অবরোধ করা হয়েছে। অবরোধের কারণে ব্যস্ততম এ মহাসড়কের দু’পাশে যানবাহন আটকে সৃষ্টি হয়েছে যানজট। যাত্রীরা তাদের গন্তব্যে যথাসময়ে যেতে না পেরে ভোগান্তিতে পড়ছেন।
দাবি আদায় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘ক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা লাগাতার আন্দোলন করলেও কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছেন না। তাই এখন আমাদের সড়ক অবরোধ কর্মসূচি চলছে। আগামীতে শ্রমিকরা আরও কঠোর আন্দোলন কর্মসূচি নিয়ে রাজপথে নামবে।
দাবি আদায় কমিটির সদস্য সচিব শাহ মো. মনিরুল ইসলাম বলেন, ‘বকেয়া না পেয়ে শ্রমিক পরিবারে হাহাকার চলছে। ছেলেমেয়েদের পড়াশুনা বন্ধ রয়েছে। সংসারে খাবার জুটছে না। কিন্তু মিল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও পদক্ষেপই নিচ্ছে না।’
অবরোধ কর্মসূচিতে দাবি আদায় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সিবিএ’র সাবেক নেতা শেখ রবিউল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, মো. নুর ইসলাম, আবুল হাসেম গাজী, আল মামুন, কাগুজী ইকরাম, খোকন, আরিফ, মিজান, মাসুম প্রমুখ উপস্থিত রয়েছেন।