নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলার জামিন শুনানি ৮ মে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াস্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে নড়াইলের আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে দায়ের করা মানহানি মামলায় জামিন শুনানির দিন আগামী ৮ মে নির্ধারণ করেছেন আদালত। সোমবার (১৬ এপ্রিল) দুপুরে নড়াইল সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন। এছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে (বঙ্গবন্ধু) ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি।

পরে তার এই বক্তব্য বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়। নড়াইলের চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম হয়ে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর দুপুরে খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২৩ আগস্ট খালেদা জিয়াকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

নির্ধারীত সময়ে খালেদা জিয়া আদালতে হাজিরা না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।