বুধবার (১৮ এপ্রিল) দুপুরে গল্লামারী স্মৃতিসৌধে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন। এ সময় আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দুর্নীতি আর নৈতিক পরাজয়ের কারণেই বিএনপি মেয়র প্রার্থী পরিবর্তন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিনিধি সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হানিফ বলেন, ‘এতিমের টাকা আত্মসাৎ মামলায় তারেক রহমান সাজাপ্রাপ্ত পলাতক আসামী, খালেদা জিয়া কয়েদি হিসেবে কারাগারে। খালেদা জিয়া অসুস্থতার নামে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকাকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করে দেশকে অশান্ত করতে ষড়যন্ত্র করেছেন। তার এই ষড়যন্ত্র থেকে বাংলার মানুষকে রক্ষা করতে সবাইকে সর্তক থাকতে হবে।’
হানিফ বলেন, ‘জামায়াত ৭১-এ নারীদেরকে গনিমতের মাল বলে চালিয়েছে। এখনও তারা বিভিন্নভাবে আমাদের মা-বোনদের হেনস্থা করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে।’ এসব ষড়যন্ত্রের দিকে সজাগ দৃষ্টি রাখতে তিনি নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন।
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নির্বাহী সদস্য বেগম মন্নুজান সুফিয়ান ও এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, ইসাহাক আলী খান পান্না, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।