খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে এসে বাগেরহাট জেলা যুবদল সভাপতি মেহবুবুল হক কিশোর আটক হয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশ সোমবার (২০ এপ্রিল) দুপুরে গল্লামারী এলাকা থেকে তাকে আটক করেছে বলে বিএনপির অভিযোগ। মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক এহতেশামুল হক শাওন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- মেহবুবুল হক কিশোর সোমবার সকাল ১০টা থেকে মহানগরী এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে প্রচারণায় অংশ নেন। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গে তিনি রূপসা, টুটপাড়া ও চানমারি এলাকায়ও গণসংযোগ করেন। এরপর সকাল সোয়া ১১টায় আকস্মিক বৃষ্টিতে প্রচারণা কাজে বিঘœ সৃষ্টি হয়। এ সময় কিশোর গল্লামারী যাওয়ার উদ্দেশে একটি ইজিবাইকে ওঠেন। তাকে বহন করা ইজিবাইকটি গল্লামারী পৌঁছলে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্কাস হোসেন বলেন, ‘এ ধরনের কোনও অভিযান জেলা ডিবিতে হয়নি।’
আরও পড়ুন: ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধ চান গাজীপুরের ভোটাররা
মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘দলীয় সমর্থনে ও দলীয় প্রতীকে অনুষ্ঠিত স্থানীয় সরকারের এই নির্বাচনে প্রচারণার কাজে অংশ নিতে শুধু খুলনা নয়, কেন্দ্রীয় নেতারা ছাড়াও পাশের জেলা থেকেও নেতাকর্মীরা আসছেন। এটি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন নয়। অন্যান্যা প্রার্থীর পক্ষে তাদের দলীয়কর্মীরাও ভিন্ন জেলা থেকে আসছেন। যার খবর পত্রিকায় ছাপা হচ্ছে। কিন্ত, উদ্দেশ্যমূলকভাবে বিএনপির কর্মীদের বেছে বেছে গ্রেফতার ও হয়রানি করা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। আমরা বার বার নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়ে আসছি। কিন্ত, এখনও তা নিশ্চিত করা হয়নি। বরং বিএনপির নেতাকর্মীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। কিশোরকে গ্রেফতার করার মধ্য দিয়ে প্রশাসনের এই একচোখা দৃষ্টিভঙ্গি সবার নজরে পড়েছে।’