শুক্রবার (১১ মে) সকালে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে মঞ্জু এই অভিযোগ করেন। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া উপ কমিটির সদস্যসচিব এহতেশামুল হক শাওন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানান।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ ও ব্যাংক বীমা লুটের হাজার কোটি টাকায় তারা নগরে বহিরাগত সন্ত্রাসী এনে নৌকা মার্কায় ভোট চাচ্ছে। কিন্ত, নৌকার পালে বাতাস লাগাতে ব্যর্থ হয়ে বেসামাল হয়ে পড়েছে। বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ধানের শীষের পোলিং এজেন্ট, ভোটকেন্দ্রের দায়িত্বশীল নেতাদের গ্রেফতার করেও আমাদের বিজয় ঠেকানো যাবে না।’ তিনি ১৫ মে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে সাহসিকতার সঙ্গে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সকালে তিনি সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন পল্লী থেকে গণসংযোগ শুরু করেন। এরপর নিউ মার্কেট কাঁচা বাজার, বানরগাতি বাজার, ইসলাম কমিশনারের মোড়, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় ব্যাপক ও সর্বাত্মক গণসংযোগ করেন।