নির্বাচন সুষ্ঠু হবে, জনতা আনন্দ নিয়ে ভোট দেবে: খালেক

 তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন,‘মঙ্গলবার অনুষ্ঠিত কেসিসির নির্বাচন সুষ্ঠু হবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকাল থেকে জনতা আনন্দ-উৎসবের মধ্যে ভোট দিবে। সোমবার দুপুরে মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন,‘জনতা চায় সন্ত্রাস ও জঙ্গিমুক্ত নির্বাচন। এবারের নির্বাচনে সে পরিবেশই সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ভোট ইঞ্জিনিয়ারিংয়ে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনতার রায়ে বিশ্বাস করে। ১৫ মে এর নির্বাচনে জনতার রায়ের প্রতিফলন ঘটবে।’

তিনি আরও বলেন,‘মঞ্জু ভোট বানচাল করার ষড়যন্ত্র করছে। তিনি অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের মাঠে নামিয়ে নির্বাচনের পরিবেশকে নষ্ট করতে চান। জনতা এ ধরণের ষড়যন্ত্র সফল হতে দেবে না।’ এসময় তিনি ভোট কেন্দ্রে কোনও ধরণের উস্কানিমূলক বক্তব্য প্রদানকারীকে গ্রেফতারের দাবি জানান।

খালেক বলেন,‘এ পর্যন্ত পুলিশ যাদের গ্রেফতার করেছে তারা সবাই মামলার আসামি। পুলিশ অপরাধীদের গ্রেফতার করছে। তিনি জীবনের বাকী দিনগুলো খুলনাবাসীর খেদমতে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।’