চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে পাশের একটি মাঠে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে নির্যাতিত গৃহবধূর শ্বশুর আনোয়ার হোসেন, শাশুড়ি রাবেয়া খাতুন ও ননদের স্বামী মিরাজুল হোসেনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা বাদী হয়ে তার শ্বশুর, শাশুড়ি ও ননদের স্বামীসহ অজ্ঞাত সাতজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও ধর্ষিতার পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে স্বামী-স্ত্রী নিজের ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে তিন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের অপহরণ করে পাশের মাঠে নিয়ে যায়। পরে তার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে রাতভর ধর্ষণ করে। রবিবার সকালে তারা মুক্ত হয়ে মাঠ থেকে বাড়ি ফিরলে শ্বশুর-শাশুড়ি ও ননদের স্বামী তার স্ত্রীকে ঘরে আটকে রাখে এবং এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা আলমডাঙ্গা থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘর থেকে তাদের উদ্ধার করে। এরপর ধর্ষিতাকে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় দুর্বৃত্তদের সহযোগিতা করার অভিযোগে শ্বশুর-শাশুড়ি ও ননদের স্বামীকে আটক করে পুলিশ।
রাতেই চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ নির্যাতিতাকে হাসপাতালে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।