বাজেটে খুলনার ২১ দফা উন্নয়নে অর্থ বরাদ্দ দাবি

খুলনাজাতীয় বাজেটে খুলনার ২১ দফা উন্নয়নে অধিক অর্থ বরাদ্দের দাবি জানানো হয়েছে। সোমবার (২৮ মে) বেসরকারি উন্নয়ন সংস্থা জনউদ্যোগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক অ্যাড. কুদরত-ই-খুদা।

সংবাদ সম্মেলনে বলা হয়, খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, আধুনিক রেলস্টেশন, দ্রুত পদ্মা সেতুর কাজ সম্পন্নকরণ, মংলা বন্দর আধুনিকায়ন, বিমান বন্দর নির্মাণ, জেলা স্টেডিয়াম সংস্কার, নিউজপ্রিন্ট মিলসহ বন্ধ কলকারখানা চালু, শিল্পকলা একাডেমি, আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর, ভোমরাকে আর্ন্তজাতিক স্থলবন্দর, খুলনা টেক্সটাইল পল্লী, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি বিশ্ববিদ্যালয়সহ স্কুল, কলেজ সরকারি করণসহ এ অঞ্চলের ২১ দফা উন্নয়নে আসন্ন জাতীয় বাজেটে অধিক অর্থ বরাদ্দ করে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে।

অন্যান্য দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবারহ ও ডিস্ট্রিবিউশন লাইন স্থাপনের কাজ সমাপ্তকরণ, খুলনায় আধুনিক রেল স্টেশনের কাজ দ্রুত শেষ, খুলনা-দর্শনা ডাবল রেললাইন নির্মাণ ও ঢাকা-খুলনা দ্রুতগামী আরও একটি ট্রেন সার্ভিস চালুসহ প্রমুখ।