নিহতরা হলেন, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুকাদ্দেস আলী (৪২) ও একই উপজেলার প্রাগপুর বাজারের মৃত ইয়াকুব আলীর ছেলে ফজলুর রহমান ওরফে টাইটেল (৪৮)।
ওসি জানান, একদল মাদক ব্যবসায়ী দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠে মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশের টহল দল সোমবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম, এসআই আব্দুর রাজ্জাক ও পুলিশ সদস্য সজিত কুমার আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। নিহত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের ৮টি করে মামলা রয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।