খুলনায় ২২ মাদক ব্যবসায়ীসহ ৯০ জন গ্রেফতার

খুলনাখুলনা জেলা ও মহানগরীর ১৭টি থানা এলাকা থেকে ২২ জন মাদক ব্যবসায়ীসহ ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ জুন) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার অভিযানে এদের গ্রেফতার করা হয়। এ সময় ৫৮ পিস ইয়াবা, ১৪৪ গ্রাম গাঁজা ও ১ লিটার দেশি মদ জব্দ করা হয়।

খুলনা জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, ‘জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলার ৯টি থানার বিভিন্ন এলাকা থেকে ১৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬৯ গ্রাম গাঁজা, ২৭ পিস ইয়াবা ও ১ লিটার দেশি মদ জব্দ করা হয়। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ২৪ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টার অভিযানে ৬টি মামলায় ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের আরও ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।