বেনাপোলে ৩৫০ গ্রাম সোনার বারসহ ভারতীয় যাত্রী আটক

বেনাপোলে সোনাসহ আটক রঞ্জন সাহা৩৫০ গ্রাম সোনার বারসহ বেনাপোল চেকপোস্ট কাস্টমসে রঞ্জন সাহা (৩৬) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বহির্গমন পুলিশ চেকিং পয়েন্ট থেকে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

শুল্ক গোয়েন্দার উপপরিচালক (তদন্ত সার্কেল) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক রঞ্জনকে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

রঞ্জন সাহা ভারতের কলকাতার বেহালা থানার ৩৪ নম্বর ভূপেন নগর রোডের অনিল সাহার ছেলে। তার পাসপোর্ট নম্বর জেড -৩৮৬৫১১৭।

শুল্ক গোয়েন্দা জানায়, আগে থেকে তাদের কাছে গোপন তথ্য ছিল রঞ্জন নামে একজন ভারতীয় সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে ভারতে যাবে। এ ধরনের খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্যরা বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসের পুলিশ চেকিং পয়েন্টে আগে থেকে গোপন অবস্থানে থেকে রঞ্জনকে আটক করে। এর পর রঞ্জনের শরীরে এবং কোমরের বেল্টের ভেতর থেকে ৩৫০ গ্রাম ওজনের সোনার বার পাওয়া যায়।