যশোরে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কলেজছাত্র আহত

যশোরযশোরে নিজের পছন্দের দল ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে দোতলা থেকে পড়ে আহত হয়েছে আল আমিন সামিন (১৭) নামের এক কলেজছাত্র। সে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মাথায় আঘাতপ্রাপ্ত সামিন যশোর শহরের মুজিব সড়ক এলাকার জিল্লুর রহমান মানিকের ছেলে।

আহতের বাবা জিল্লুর রহমান মানিক বলেন, ‘রবিবার (১০ জুন) দুপুর ২টার দিকে সামিন মুজিব সড়কে ভিআইপি মার্কেটের দোতলায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টানাতে ওঠে। অসাবধানতাবশত সে সেখান থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।’

সামিন খুলনার এমসিএসকে কলেজের প্রথম বর্ষের ছাত্র।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন, ‘ছাদ থেকে পড়ে তার মাথায় আঘাত লেগেছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে সে আশঙ্কামুক্ত।’