যশোর শহরের বেজপাড়ার আকবরের মোড় এলাকায় ১১টি বাড়ি আগুনে পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। শুক্রবার (১৫ জুন) বিকাল সাড়ে চারটার দিকে ওই আগুন লাগে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা কাজী আশরাফুল আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, বিকালে আগুন লেগে আকবরের মোড় এলাকার রহিমা বেগমের ৬টি, ওবায়ের আলীর ৩টি এবং হাফিজুর রহমানের দুটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত হাফিজুর রহমান বলেন, ‘ আমার বাড়ির ভাড়াটিয়া করিমের প্রায় ৩০টি কবুতর, ফ্রিজ, নগদ প্রায় ৩০ হাজার টাকা পুড়ে গেছে। ঈদ উপলক্ষে আমরা যা কেনাকাটা করছিলাম সব পুড়ে গেছে। সব মিলিয়ে ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি বাড়ি পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।’
তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয়রা চাঁদা তুলে তাদের ঈদ উৎসবের জন্যে ব্যবস্থা নিয়েছেন। রাতে তাদের থাকার জন্যে শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন খুলে দেওয়া হয়েছে।’