আর্জেন্টিনা-ফ্রান্স খেলা চলাকালে বখাটের হামলায় আহত তিন ভাই

খুলনাবিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় রাউন্ডের আর্জেন্টিনা-ফ্রান্স খেলা দেখার সময় শনিবার রাত পৌনে ৯টার দিকে উচ্ছৃঙ্খল যুবকদের ধারালো অস্ত্রের হামলায় আহত হয়েছেন তিন ভাই। আহত রেজাউল করিম লিটন (৩৮) নামের একজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুলনা আদালতের আইনজীবীর সহকারী।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। হামলায় তিনজন আহত হয়। রেজাউলকে কুপিয়ে জখম করা হয়েছে। অপর দু’জন শাফায়েতুল ইসলাম বাবলু (৫৬) ও শাখাওয়াতুল ইসলাম খোকনকে (৪৭) পিটিয়ে আহত করা হয়। আহতরা খালিশপুর দুর্বার সংঘ এলাকার বাসিন্দা কাজী আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান জানান, দুর্বার সংঘ ক্লাবে খেলা দেখার ব্যবস্থা করা হয়। রাত পৌনে ৯টার দিকে খেলার বিরতির সময় হামলার ঘটনা ঘটে। বখাটেরা হঠাৎ করেই বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা চিৎকার ও হট্টগোল করে। এ অবস্থায় কর্তৃপক্ষ তাদের ক্লাব থেকে বের করে দেয়। এর প্রতিবাদে তারা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে।