শৈলকুপায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২





ঝিনাইদহঝিনাইদহের শৈলকুপার রয়েড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাব্দার হোসেন মোল্লা এবং আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান বাবুলের মধ্যে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে । গত শুক্রবার (২৯ জুন) মিজানুর রহমান বাবুলের কয়েকশ’ সমর্থক সাব্দার মোল্লা গ্রুপে যোগদান করে। এরই জের বৃহস্পতিবার সকালে রয়েড়া গ্রামে উভয়গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হয় এবং বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় । আহতদের মধ্যে ৫ জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।