কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় লিয়াকত আলীর মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় লিয়াকত আলী (৩৭) নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় প্রদান দেন। রায় ঘোষণার সময় আসামি লিয়াকত আলী পলাতক ছিল।

দণ্ডপ্রাপ্ত লিয়াকত কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদপুর এলাকার বাদশা মিস্ত্রির ছেলে।

কুষ্টিয়ার জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকরাম হোসেন দুলাল জানান, ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বর গভীর রাতে স্ত্রী রহিমা খাতুনকে (৩০)নির্যাতন চালিয়ে হত্যার পর লাশ বাড়িতে রেখে লিয়াকত আলী পালিয়ে যান। ঘটনার পরের দিন রহিমার বাবা আব্দুল করিম বাদী হয়ে কুষ্টিয়ার মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আসামির অনুপস্থিতিতে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। আসামিকে গ্রেফতার বা আত্মসর্পণের দিন থেকে রায় কার্যকর হবে। এ মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশুর পিপি অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাভোকেট গিয়াস উদ্দিন।