সুন্দরবনে দুটি বন্দুক ও তিনটি হরিণসহ আটক ২

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন রেঞ্জে পুলিশ অভিযান চালিয়ে দুটি অস্ত্র ও তিনটি হরিণসহ দুই শিকারিকে আটক করেছে। সোমবার ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীর সুকদিয়া খাল থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলো কদমতলা গ্রামের ইমান আলির ছেলে মঞ্জু আলী ও পাতাখালি গ্রামের আমজাদ আলির ছেলে মহিবুল্লাহ।

সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চুনকুড়ি নদীর সুকদিয়া খালে অভিযান চালিয়ে দুই হরিণ শিকারিকে আটক করে। তাদের কাছ থেকে দুটি দেশি বন্দুক ও তিনটি মৃত হরিণ জব্দ করা হয়।