সুন্দরবনে ১২ জেলেকে অপহরণ





সুন্দরবনসুন্দরবনের মরাপশুর ও আন্ধারিয়া এলাকা থেকে ১২ জেলেকে অপহরণ করেছে দস্যু শরিফ বাহিনী। শুক্রবার (১৩ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১১ জুলাই) সুন্দরবনের মরাপশুর, ভদ্রা ও ঝাপসি এলাকা থেকে আট জেলেকে অপহরণ করে দস্যুরা। তারা সবাই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে।

জেলে মহাজন কুদ্দুস মোল্লা, মহিদ শেখ এবং মাওলা জানান, সুন্দরবনের ভিতরে মাছ ধরতে গেলে প্রায়ই দস্যুদের কবলে পড়তে হয় জেলেদের। শুক্রবার ১২ জন জেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনতে হবে।

তারা বলেন, কোস্টগার্ডের কোনও টহল না থাকায় দস্যুদের উৎপাত বেড়েছে। জেলেদের অপহরণের পরও তারা কোনও সহযোগিতা করেন না। কোনও জেলেকে দস্যুদের কবল থেকে উদ্ধারও করতে পারেন না তারা।

লে. আব্দুল্লাহ আল মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, জেলেদের অপহরণের কথা শুনেছি। অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধারের চেষ্টা কর হবে।