ইবি ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে কয়েকটি বিভাগে ক্লাস হয়নি। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি, আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ প্রায় ১০টি সম্পূর্ণ ও আংশিকভাবে ক্লাস বর্জন করেছে। এছাড়াও লোক প্রশাসন বিভাগের কয়েকটি বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে বলে জানা গেছে। ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘যতদিন কোটা সংস্কার ও ভাইদের মুক্তি না দেওয়া হবে ততদিন এ কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের ভাইদের জেলে রেখে আমরা এসি রুমে বসে ক্লাস করতে পারি না।’
ক্লাস বর্জনকারী মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, ‘নুরু ও তরিকের রক্ত ঝরিয়ে দেশের সব শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে সরকার। কোটা সংস্কারের নেতাদের জেলে দিয়ে পুরো ছাত্র সমাজকে জেলে ভরেছে। পাঁচ দফার আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস বর্জন অব্যাহত থাকবে।’