খুলনায় বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ ইমরান নিহত

বন্দুকযুদ্ধখুলনায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী ইমরান ওরফে রকি নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) গভীর রাতে মহেশ্বরপাশা এলাকায় র‌্যাবের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও ৩০৮ পিস ইয়াবা উদ্ধার করেছে। 
র‌্যাব-৬ এর এএসপি বজলুর রশিদ জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে মহেশ্বরপাশা এলাকায় টহল দিচ্ছিল র‌্যাব সদস্যরা। এসময় একটি মোটরসাইকেলে করে ৩ জন দ্রুত গতিতে যাচ্ছিল। র‌্যাব সদস্যরা মোটরসাইকেলটি থামানোর সংকেত দেয়। কিন্তু চালক না থামিয়ে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরাও তখন মোটরসাইকেলের পিছু নেয়। এসময় মোটরসাইকেল থেকে র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে একজন নিচে পড়ে যায়। বাকি দু’জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা যুবকের নাম ইমরান ওরফে রকি। উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
র‌্যাব সদস্যরা জানান, ইমরান দৌলতপুর থানার দেয়ানা এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শেখ মিজানুর রহমান ওরফে হাতকাটা মিজার ছেলে। ইমরানের বিরুদ্ধে হত্যা ও মাদক মামলাসহ ৭টি মামলা রয়েছে।