মাহবুব-উল আলম হানিফ বলেন, যাদের আটক করা হচ্ছে তারা সবাই বিভিন্ন মামলার আসামি। বিএনপি নির্বাচনের দোহাই দিয়ে দলীয় সন্ত্রাসীদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে, নির্বাচনের দোহাই দিয়ে বিএনপির সেসব সন্ত্রাসীকে আইনের আওতা থেকে মুক্ত রাখা যাবে না। তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে, সেটা নির্বাচনকালীন হোক বা নির্বাচন পরবর্তী সময় হোক।
হানিফ আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যখন কোনও সন্ত্রাসীকে আটক করে তখন তো বিএনপি নেতাকর্মীরা তাদের সঙ্গে থাকেন না। তারা তো জানেন না করপোরেশন এলাকা থেকে নাকি করপোরেশনের বাইরে থেকে তাদের আটক করা হয়েছে। এমন মিথ্যাচার করে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন প্রমুখ।