হিলিতে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

01দিনাজপুরের হিলিতে জনগণের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাতের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে হাকিমপুর (হিলি) পৌরসভা। বুধবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় হিলি স্থলবন্দরের সামনের সড়ক থেকে চারমাথা মোড় পর্যন্ত এলাকায় ফুটপাতের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। হাকিমপুর (হিলি) পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলামের নেতৃত্বে কাউন্সিলর ইসরাইল হোসেন, রতন বর্মন, ইসা শেখসহ পৌরসভার একটি টিম ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

হাকিমপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মিনহাজুল ইসলাম লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে বন্দরের সামনে পর্যন্ত একটি মাত্র প্রধান সড়ক। ওই সড়ক দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানিকৃত পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে সড়কে সবসময় অনেক যানবাহন চলাচল করে এবং দীর্ঘসময় ধরে যানজট লেগে থাকে। এছাড়া সড়কের পাশের ফুটপাতগুলো দখল হয়ে যাওয়ার কারণে বাধ্য হয়ে একই পথ দিয়ে মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সে কারণে জনগণের চলাচল নির্বিঘ্ন করতে আজ হিলি স্থলবন্দরের সামনে থেকে চারমাথা মোড় পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সড়কের পাশের ফুটপাতের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার সব এলাকায় এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে।’