ঝিনাইদহে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সার ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে ৫ বছরের জেল দিয়েছেন আদালত। রবিবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো মোস্তাফিজুর রহমান ব্যানেট ও শামু আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১০ সালের ৪ এপ্রিল জেলার শৈলকুপা উপজেলার আহসাননগর গ্রামের সার ব্যাবসায়ী হাজী আব্দুল লতিফ হাটফাজিলপুর বাজারে পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হয়। তিন দিন পর ওই বাজারে একটি গুদামের মেজো খুড়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় নিহতের ছেলে মামুনুর রশিদ শৈলকুপা থানায় ৭ এপ্রিল ২০১০ সালে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত বগুড়া গ্রামের মাবুবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান ব্যানেট ও কামান্না গ্রামের মৃত হিরু ডাক্তারের ছেলে শামু আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া বগুড়া গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে রাফু আহমেদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। এ ঘটনার অন্যতম আসামি শুকনাল এর আগে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে। ৫ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি রাফু পলাতক রয়েছে।