হজে গিয়ে মোংলার এক হাজি ৮ দিন ধরে নিখোঁজ

নিখোঁজ হাজি মো. আজিজার রহমান গোলদার পবিত্র হজ পালনের পর মো. আজিজার রহমান গোলদার নামে এক ব্যক্তি আট দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। তার বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী গ্রামে। গত সোমবার (২০ আগস্ট) থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে তার জামাতা শাহ আলম শিপন নিশ্চিত করেছেন।

শিপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সোমবার (২০ আগস্ট) রাতে মিনা থেকে আমার শ্বশুর মো. আজিজার রহমান গোলদার হারিয়ে যান। ওই দিনের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার সফরসঙ্গী অন্য হাজিদের সঙ্গে কথা বলে জানা যায়, মিনায় অবস্থানের সময় আজিজার রহমান বাথরুমে যাওয়ার কথা বলে আর ফিরে আসেননি। দুদিন ধরে অনেক খোঁজাখুঁজির পর তার সফরসঙ্গী অন্য হাজিরা মক্কায় চলে যান বলে শিপন জানান।

শিপন আরও জানান, এখন পর্যন্ত তার শ্বশুরের কোনও হদিস না পাওয়ায় তাদের পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বেঁচে আছেন কিনা, তাও বলতে পারছেন না তারা।

৭৫ বছর বয়সী আজিজার রহমান গোলদার বাংলাদেশ থেকে খুলনার ‘লিমা ট্রাভেলস এজেন্সির’ মাধ্যমে গত ১৪ আগস্ট হজ পালনের জন্য সৌদি আরবে যান।

এদিকে লিমা ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপক (মানেজার) বি এম আফির জানান, ‘নিখোঁজ আজিজার রহমানকে এখনও খোঁজা হচ্ছে। তার ব্যাপারে আমরা এরইমধ্যে বাংলাদেশ ও সৌদি আরবের হজ ট্রাভেলসকে জানিয়েছি।’