ঝিনাইদহে জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

জামায়াতে ইসলামীর কোটচাঁদপুরের সাবেক আমির মাওলানা তাজুল ইসলাম

নাশকতার পরিকল্পনা করার সময় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর কোটচাঁদপুরের সাবেক আমির মাওলানা তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তাকে নিজ বাড়ি বেনেপাড়ার সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় সাতটি বোমা, হকিস্টিক, বাঁশের লাঠি ও দা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

কোটচাঁদপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, তাজুল ইসলামসহ বেশ কয়েকজন জামায়াত নেতাকর্মী কোটচাঁদপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে বেনেপাড়ায় বসে নাশকতা সৃষ্টির গোপন বৈঠক করছিল। পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। সে সময় জামায়াতের অন্য নেতাকর্মীরা পালিয়ে গেলেও মাওলানা তাজুল ইসলাম পুলিশের হাতে গ্রেফতার হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি বোমা, বেশ কয়েকটি হকিস্টিক, বাঁশের লাঠি ও দা উদ্ধার করে।

তিনি আরও জানান, মাওলানা তাজুল ইসলাম কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।