নড়াইলে তিন দিনব্যাপী সুলতান উৎসব শুরু

এসএম সুলতানবিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে তিন দিনব্যাপী সুলতান উৎসব শুরু হচ্ছে আজ বুধবার (৫ সেপ্টেম্বর)। এ উপলক্ষে বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে সুলতান মঞ্চ চত্বরে সুলতান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. এমদাদুল হক চৌধুরী।

এছাড়া আর্টক্যাম্পের উদ্বোধন করবেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আব্দুস সবুর সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সদস্য সচিব শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস জানান, শিল্পী সুলতানের জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী সুলতান উৎসব। শিল্পীর জন্মস্থান নড়াইলে উৎসব অনুষ্ঠিত হলেও এটি একটি জাতীয় পর্যায়ের উৎসব। সুলতান উৎসবের বর্ণাঢ্য আয়োজন সফল করতে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় শিল্পী সুলতানের জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনা সভার পাশাপশি রয়েছে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা চলবে গভীর রাত পর্যন্ত।

তিন দিনব্যাপী এ উৎসবে গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের ৫০টি স্টল বসেছে। এ উৎসবে পার্শ্ববর্তী যশোর, গোপালগঞ্জ, মাগুরা, খুলনা, ফরিদপুর জেলাসহ বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসে থাকেন।

বরেণ্য শিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরতলীর মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর  এই শিল্পী যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলে তাকে শায়িত করা হয়। শিল্পী সুলতান স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলাদেশ চারুশিল্পী সম্মাননা এবং বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে স্বীকৃতি পান।