বেনাপোল থেকে যশোরগামী একটি বাসে তল্লাশি করে ৮৯ হাজার আটশ’ ইউএস ডলারসহ দুই হুন্ডি পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাদের বিজিবি-৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আমড়াখালী ক্যাম্পের সদস্যরা আটক করে। বেনাপোল চেকপোস্টের একটি মানিচেঞ্জার থেকে তারা এ ডলারগুলো নিয়েছেন বলে জানিয়েছে।
আটক ওবায়দুর রহমান (২৭) নড়াইল জেলার নড়াগাতি থানার খাশিয়াল গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও মাসুদ একই এলাকার কাওসার আলীর ছেলে।
আমড়াখালী বিজিবি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুইজন হুন্ডি পাচারকারী বেনাপোল চেকপোস্ট থেকে বিপুল পরিমাণ ইউএস ডলার নিয়ে লোকাল বাসে করে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ওবায়দুর রহমান (২৭) ও মাসুদ (৩০) নামে দুই ডলার পাচারকারীকে আটক করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।