যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এম আব্দুর রশিদ জানান, তিনজনের বুকসহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে জাহানারা বেগম ও সাগরের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, আহতরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ দুই পক্ষ পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়।
তবে আহত সাগরের বাবা আব্দুল আলিমের দাবি, তার ছেলে চাঁচড়া এলাকায় পোনামাছের ব্যবসা করে। পূর্বশত্রুতার কারণে একই এলাকার শাহাদৎ, জুয়েল, অনিক, কালু ও ইবাদত তার ছেলেকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে।
অপরদিকে আহত জাহানারা বেগমের মেয়ে মাকসুদা আকতার মেরি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে সাগর, তার বাবা আব্দুল আলিম, লিপু ও সোহেল মিলে আমার মা ও প্রতিবেশী চাচি লেবু বেগমের বুকে ছুরিকাঘাত করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের আটকে পুলিশ তৎপরতা চালাচ্ছে।