আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় যুক্তফ্রন্টের প্রথম জনসভা আয়োজন করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে কৌতুহলের সৃষ্টি হয়েছে।
খুলনা জেলা জেএসডি সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীন বলেন, ‘আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এবং তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে এ জনসভার ডাক দেওয়া হয়েছে। খুলনা মহানগর ও জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এ জনসভার আয়োজন করেছে। ’
সূত্রে জানা গেছে, জনসভায় প্রধান অতিথি থাকবেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন গণফোরামের আহ্বায়ক ড. কামাল হোসেন, প্রধান বক্তা থাকবেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। এছাড়া অতিথি হিসেবে থাকবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনসহ অনেকে। এছাড়াও জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা রাখবেন। সভাপতিত্ব করবেন খুলনা জেলা জেএসডি সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীন।