বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের পলেস্তরা খসে পড়ে দুই ছাত্র আহত

বিদ্যালয় ভবনের পলেস্তরা ভেঙে পড়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের পলেস্তরা খসে পড়ে দুই ছাত্র আহত হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আহত ছাত্ররা হলো, অষ্টম শ্রেণির ছাত্র বিল্লাল ও সিফাত।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, প্রায় পাঁচ বছর ধরে নড়াইলের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের একতলা ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে।  প্রায়ই ছাদের পলেস্তরা খসে পড়ে। এ কারণে পাঠদান অসুবিধা হয়। ভবনটি ১৯৯৫ সালের দিকে নির্মাণ করা হয়েছে। কিন্তু ভবনটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই ভবনটিতে শিক্ষকদের অফিস রুম, মেয়েদের কমনরুম ও অষ্টম শ্রেণির ক্লাস হয়। বিদ্যালয়ে আরও দু’টি টিন শেড ঘর থাকলেও শ্রেণিকক্ষের অভাবে ঝুঁকিপূর্ণ এই ভবনটিতে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুন্ডু বলেন,‘ঝুঁকিপূর্ণ ভবনটির ব্যাপারে এরইমধ্যে জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে। তবে নতুন ভবন বা সংস্কারের বিষয়ে কোনও সাড়া মেলেনি। এক্ষেত্রে আমরা নতুন একটি ভবন নির্মাণের দাবি করছি। নতুন ভবন হলে পাঠদানসহ শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।’