বেনাপোলে ১২টি সোনার বারসহ পাচারকারী আটক

সোনার বারসহ আটক শহিদুল্লাহযশোরের বেনাপোলে ১২টি সোনার বারসহ শহিদুল্লাহ (৩৭) নামে একজন সোনা পাচারকারীকে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা। বুধবার (৩ অক্টোবর ) সকাল সাড়ে ১০টার দিকে ভারতে প্রবেশের আগে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শহিদুল্লাহ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ক্ষুদির জঙ্গল গ্রামের আফতাব উদ্দীনের ছেলে। তার পাসপোর্ট নম্বর বিপি-০০৭৫৬৩৩।

বেনাপোল শুল্ক গোয়েন্দারা জানান, পাসপোর্ট যাত্রী শহিদুল্লাহ ভারতে যাওয়ার জন্য প্যাসেনজার টার্মিনালে স্ক্যানার মেশিনে তার ব্যাগ স্ক্যান করে কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে। এর পর ভারতে প্রবেশের জন্য রওনা দিলে তার গতিবিধি দেখে সন্দেহ হয় শুল্ক গোয়েন্দাদের। এসময় তাকে চেকিং রুমে নিলে সে জানায় তার পায়ু পথে ১২টি সোনার বার আছে। পরে সোনার বারগুলো বের করা হয়।

শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা জানান, উদ্ধার করা সোনারবারসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।