কেশবপুরে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

লাশ উদ্ধারযশোরের কেশবপুরে তরিকুল সানা (১৫) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার সাতবাড়িয়া পাঁচানি এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তরিকুল পাঁচানি এলাকার নজরুল সানার ছেলে। স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো সে।

ওসি মোহাম্মদ শাহিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ উপজেলার সাতবাড়িয়া পাঁচানি এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের গলাকাটা ছিল। তার দুহাত ও পেটে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।’

ওসি আরও বলেন, ‘কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা আমরা এখনও জানতে পারিনি। ময়নাতদন্তের জন্যে লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’