খুলনায় আনুষ্ঠানিকভাবে আ. লীগের নির্বাচনি ক্যাম্পেইন শুরু

01একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ক্যাম্পেইন সমাবেশ ও মিছিল করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। শুক্রবার (৫ অক্টোবর) বিকাল ৪টায় দলীয় কার্যালয় চত্বর থেকে এ কার্যক্রম শুরু হয়। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি করপোরেশন মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ মিজানুর রহমান মিজান এমপি। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ দফতর সম্পাদক মো. মুন্সী মাহবুব আলম সোহাগ।

সভায় বক্তরা বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশকে দুর্নীতিতে শীর্ষে পৌঁছে যায়। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় থাকে। শুরু হয় হত্যা, ধর্ষণ আর নারী নির্যাতনের মত জঘন্য অত্যাচার। আর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও সমমনা রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশ উন্নয়নের মহাসড়কে উঠে আসে। দেশ হয় উন্নত আর জাতি হয় মর্যাদা সম্পন্ন। বাংলাদেশের মানুষ আজ মর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে বিশ্বে কথা বলতে পারছে। সে কারণেই দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করে বাংলাদেশকে উন্নত বিশ্বে পরিণত করবে।

নেতারা আরও বলেন, শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নকে অব্যহত রাখতে পুনরায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো নির্বাচিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন করে জাতিকে আত্ম মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। কোনও অপশক্তি যাতে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র না করতে পারে সেজন্যে সবাই সোচ্চার থাকার জন্য আহ্বান জানান নেতাকর্মীরা।