রায়ের পর মিছিলে হামলা, যুবদল-ছাত্রদলের সাতজন আহত

বিএনপির নেতাকর্মীদের মিছিলে হামলা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর মহানগরীর সিটি কলেজের সামনে থেকে জেলা যুবদল ও ছাত্রদল মিছিল নিয়ে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিল। পথে মিছিলে হামলা করা হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়াও হয়। হামলায় যুবদল ও ছাত্রদলের ৭ জন আহত হয়েছেন।

আহতরা হলেন জেলা যুবদলের ভাইস প্রেসিডেন্ট শেখ কচি, সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, দফতর সম্পাদক জিএম রাসেল, যুবদল নেতা হেমায়েত রশিদ, জেলা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট মো. মাসুম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল।

জেলা যুবদলের দফতর সম্পাদক জিএম রাসেল বলেন, তাদের মিছিলে পুলিশের সামনে ছাত্রলীগ লাঠিসোঁটা, রড ও অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সাত নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, যুবদল ও ছাত্রদলের মিছিলে হামলার ঘটনা সঠিক না।