মোংলা বন্দরে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

 মোংলা বন্দরঘূর্ণিঝড় তিতলি ভারতে আঘাত করার পর মোংলা সমুদ্রবন্দরে ৪ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। তিতলির জন্য বুধবার (১০ অক্টোবর) সকাল থেকে ৪ নম্বর হুঁশিয়ারি সতর্কতা দেখাতে বলা জয় মোংলা বন্দর কর্তৃপক্ষকে। এর পরিপ্রেক্ষিতে বন্দরে জাহাজ চলাচল বন্ধও রাখা হয়।

ঢাকা অফিসের আবহাওয়াবিদ ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,  ‘বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ৬-৭ টার মধ্যে ঘূর্ণিঝড় তিতলি ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে আঘাত হানে। এরপরই বাংলাদেশে ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত পরিবর্তন করা হয়।’

তবে আবহাওয়া অধিদফতর থেকে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সংকেত পরিবর্তন করা হলে সকাল ১১টা থেকে বন্দরে জাহাজ আসা ও যাওয়ার ক্ষেত্রে  নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা বলেন, ‘বন্দরে সার, ক্লিংকার, মেশিনারি, জিপসাম ও গ্যাসসহ ১৯টি জাহাজে পণ্য বোঝাইয়ের কাজ স্বাভাবিক নিয়মে চলছে এবং বন্দরে জাহাজ চলাচল করছে।’

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আজ (বৃহস্পতিবার) বন্দরে কোনও জাহাজ আসার শিডিউল না থাকলেও সিঙ্গাপুর পতাকাবাহী এম ভি ওয়েস্টার্ন, এম ভি ছেলসি, পানামা পতাকাবাহী সাই হেলস, লাইব্রেরিয়ান পতাকাবাহী এম ভি অ্যামিথি ও হংকং পতাকাবাহী এম ভি হ্যানজিন নামে বিদেশি এ পাঁচটি জাহাজ পণ্য খালাস করে মোংলা বন্দর ত্যাগ করবে।’