সরকার পতন ঘটানোর ক্ষমতা কারও নেই: হানিফ

সমাবেশে কথা বলছেন মাহবুবউল আলম হানিফআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘এই সরকারের সঙ্গে দেশের জনগণ আছে, তাই আন্দোলন করে পতন ঘটানোর ক্ষমতা কারও নেই।’ তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে দেশবাসী সরকার পতনের কথা শুনে আসছে। বিএনপির যদি আন্দোলন করার শক্তি থাকতো তবে এই সরকার অনেক আগেই বিদায় হয়ে যেত। কিন্তু সে শক্তি তাদের নেই।’ শনিবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরের সিরাজুল হক মুসলিম হাইস্কুলে অভিভাবক সমাবেশে যোগ দিয়ে জাতীয় ঐক্যের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে হানিফ বলেন, ‘ইতোমধ্যেই পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে। এই ঘটনার সঙ্গে যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা জড়িত ছিল, সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’ তিনি বলেন, ‘লন্ডনে বসে বিএনপি নেতা এই হামলার কলকাঠি নেড়েছে তার তথ্য প্রমাণ ইতোমধ্যেই চলে এসেছে, সেটারও তদন্ত চলছে। আশা করি, এবিষয়ে খুব শিগগিরই দেশবাসী জানতে পারবে।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এখন একটি সন্ত্রাসী দল, আন্তর্জাতিক আদালতেও তা প্রমাণিত। ২১ আগস্টের পরে দেশেও এটা প্রমাণ হয়েছে। এই দলের রাজনীতি করার কোনও অধিকারই থাকতে পারে না। এরকম একটি দলের আন্দোলন নিয়ে দেশবাসী ভাবছে না।’

হানিফ আরও বলেন, ‘আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এ নিয়ে সন্ত্রাসী দলের সঙ্গে আলাপ আলোচনার কিছু নেই। তথাকথিত আন্দোলনের বুলি দিয়ে কোনও কাজ হবে না। আন্দোলনের নামে আবারও যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে নামে তবে জনগণই শক্ত ব্যবস্থা নেবে।’

সিরাজুল হক মুসলিম হাই স্কুলের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন– কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মনজুর কাদের প্রমুখ। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।