যশোরে অস্ত্র ও গুলিসহ ইয়াবা ব্যবসায়ী আটক

আটক মাদক ব্যবসায়ী (মাঝে, গেঞ্জি গায়ে)যশোরের ঝিকরগাছায় ফাঁদে ফেলে ইয়াবা, অস্ত্র ও গুলিসহ সোহেল রানা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (২৯ অক্টোবর) ভোরে ঝিকরগাছা পৌরসভার মোবারকপুর রেল লাইনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল মোবারকপুর এলাকার মোসলেম বিশ্বাসের ছেলে।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তাদের কাছে খবর ছিল, সোহেল ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ী। কক্সবাজার থেকে সে নিজস্ব ট্রাকে ইয়াবার চালান নিয়ে আসে। সোমবার ভোরে একজন সোর্সকে তার কাছ থেকে ইয়াবা কিনতে পাঠায় পুলিশ। ওই সময় সে সোর্সের কাছে ইয়াবা বিক্রি করলে পাশে থাকে ডিবি পুলিশ সদস্যরা তাকে ইয়াবাসহ আটক করে। এরপর তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও নগদ ৪০ হাজার পাঁচশ টাকা উদ্ধার করা হয়। একইসঙ্গে তার ঘরে তল্লাশি চালিয়ে ২৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি ওসি জানান, এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।