মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপি সভাপতি মেহেরপুর জেলা আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজনসহ বিএনপি-জামায়াতের ১৩ জনকে আটক করেছে পুলিশ। গতরাতে সদর, গাংনী থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা সবাই নাশকতা মামলার সন্দেহজনক আসামি বলে জানায় পুলিশ।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলফিকার আলী জানান, মঙ্গলবার রাতে ডিবির একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। বিজনকে গত রাত ১০টার দিকে মেহেরপুর শহরের তার ল’চেম্বার থেকে এবং বাকিদের পৃথক তিনটি স্থান থেকে আটক করা হয়। বিজন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের ছোট ভাই ।
ডিবি পরিদর্শক আরও জানান, গত সপ্তাহে সদর উপজেলার আলমপুর গ্রামে নাশকতার বৈঠক থেকে ৫ জনকে আটক করা হয়। ওই ঘটনায় ডিবি’র এক সদস্য বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পলাতক আসামি হিসেবে বিজনসহ তিনজনকে আটক করা হয়েছে। সদর থানার মামলার আসামি হিসেবে তাদের আদালতে সোপর্দ করা হবে।
অপরদিকে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার বলেন, গত ২৭ অক্টোবর রাতে এ উপজেলার কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ থেকে নাশকতার অভিযোগে ২১ জনকে আটক ও ককটেল বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনায় অজ্ঞাত আসামি হিসেবে বিএনপি-জামায়াতের সাত জনকে আটক করে আদালতে সোপর্দ করা হচ্ছে। একইভাবে সদর থানা পুলিশও একটি নাশকতার মামলায় বিএনপির ৩ জনকে আটক করেছে।