হিংসাত্মক ও স্বার্থের রাজনীতি করি না: মেয়র খালেক

বক্তব্য রাখছেন মেয়র খালেক (ছবি– প্রতিনিধি)

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল-মত নির্বিশেষে আবারও সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (১১ নভেম্বর) বিকালে মোংলা পৌর শহরের শেখ আব্দুল হাই সড়কে উপজেলা ও পৌর যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

তালুকদার আব্দুল খালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘ ২৮ বছর ধরে সাবেক এমপি তালুকদার আব্দুল খালেক এবং বর্তমান এমপি হাবিবুন নাহার এ এলাকায় যে উন্নয়ন করেছে, তার ঋণ হিসেবে হলেও দল-মত নির্বিশেষে এখানকার সবারই নৌকা প্রতীকে ভোট দেওয়া উচিৎ। কারণ, খালেক তালুকদার আর হাবিবুন নাহার উন্নয়নের রাজনীতি করে, হিংসাত্মক ও স্বার্থের রাজনীতি নয়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত যৌথভাবে মোংলা বন্দরকে ধ্বংস ও ইপিজেড বন্ধ করে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর নিদের্শে মোংলা বন্দর সচল ও ইপিজেড পুনরায় চালু করা হয়েছে। মোংলাকে ঘিরে বন্দর চ্যানেল ড্রেজিং, মোংলা-খুলনা রেললাইন, অর্থনৈতিক অঞ্চল, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, খান জাহান আলী বিমানবন্দরসহ নানা উন্নয়ন প্রকল্পের কাজ চলছে।’

উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন, শেখ আ. সালাম, শেখ আ. রহমান, যুবলীগ নেতা মো. ইকবাল হোসেন, শেখ কামরুজ্জামান জসিম, মো. শাকিল, লিটন হোসেন নিরব, স্বেচ্ছাসেবক লীগের তারিকুল ইসলাম ও মো. মিজান তালুকদার।