ঝালকাঠিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেজাউলের লন্ডনে ১৩ বছরের সাজা

ঝালকাঠি

ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা প্রকৌশলী এ কে এম রেজাউল করিমকে ১৩ বছর সাজা দিয়েছে বৃটেনের আদালত। শুক্রবার (২৩ নভেম্বর) ভিসা জালিয়াতির অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়। শনিবার সকালে একটি বেসরকারি টেলিভিশনে টিকার দেখে বিষয়টি সম্পর্কে জানতে পারেন স্থানীয় সাংবাদিকরা।

পরে লন্ডনে প্রবাসী এক আইনজীবীর মাধ্যমে ঝালকাঠির সাংবাদিকরা জানতে পারেন, মামলার রায়ের সময় ঘনিয়ে আসার কিছুদিন আগে রেজাউল করিম লন্ডন থেকে কৌশলে পালিয়ে দেশে চলে আসেন।

এ আইনজীবী আরও জানান, সাজা হয়ে যাওয়ায় রেজাউল করিমের বিরুদ্ধে এখন ইন্টারপোল ওয়ারেন্ট জারি করতে পারে।

এদিকে দেশে এসে রেজাউল করিম একাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম তুলেছেন এবং জমা দিয়েছেন। ঢাকায় বিএনপির প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন।

সাজার বিষয়টি সম্পর্কে জানতে ঢাকায় অবস্থানরত রেজাউল করিমের মোবাইল নম্বর চাওয়া হলে তার ব্যক্তিগত সহকারী নিরব মল্লিক এ প্রতিনিধিকে বলেন, রেজাউল সাহেবই আপনাকে ফোন করবেন।  তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রেজাউল করিম আর ফোন করেননি।

অন্যদিকে স্থানীয় কয়েক জন সাংবাদিক জানান, রেজাউল করিম তাদের সঙ্গে টিএনটি নম্বর থেকে ফোন করে ছিলেন। বিভিন্নভাবে চেষ্টা করেও তার সেল ফোন নম্বর পাওয়া যায়নি।