যশোর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ওয়ার্কার্স পার্টির জাহিদ

মনোনয়নপত্র জাম দিলেন জাহিদযশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ। এই আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে বর্তমান এমপি রণজিত কুমার রায়কে।

যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও মহাজোটের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিকল্পধারায় সদ্য যোগ দেওয়া নাজিমউদ্দিন আল আজাদের নামও আলোচনায় আছে।

আর আসনটিতে প্রধান বিরোধী জোটের প্রার্থী হিসেবে বিএনপির বাঘারপাড়া কমিটির আহ্বায়ক, কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী টিএস আইয়ুবের নাম রয়েছে।  যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির খুলনা বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করেনি। 

সোমবার বিকালে যশোরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের কাছে মনোনয়নপত্র জমা দেন ইকবাল কবির জাহিদ।  সপ্তাহখানেক আগে তিনি মনোনয়নপত্র কিনেছিলেন।  ভোটের আবহ শুরু হওয়ার পর থেকে বামপন্থী এই নেতা যশোর-৪ নির্বাচনি এলাকায় গণসংযোগ করছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর জাহিদ বলেন, ‘১৪ দলের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করবেন।  আর ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করলে প্রতীক হবে হাতুড়ি।’