কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র-গুলি উদ্ধার

আটক ছয় ডাকাত

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করছে পুলিশ। এসময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলার গোয়ালবাড়িয়া এলাকার ইমদাদুল হকের ছেলে ঝন্টু মিয়া (৪০), মহেশপুর থানার গোপালপুর স্কুলপাড়া এলাকার আবুল কালামের ছেলে মিকাইল হসেন (৩৬), কোটচাঁদপুর থানার ইকবাল হোসেনের ছেলে মামুন আল হাসান (৩৫), কোটচাঁদপুর কলেজপাড়া এলাকার আবু তালেব কারিগরের ছেলে লাভলু (২৫) এবং চুয়াডাঙ্গা জেলার রাজাপুর এলাকার শওকত আলী মণ্ডলের ছেলে আতিয়ার রহমান ওরফে আতিয়ার (৩২) ও আকন্দ বাড়িয়া এলাকার আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মিলন হসেন (৩০)।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের আলামপুর বানিয়াপাড়া পশুহাটের পাশে এনামুলের চায়ের দোকানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। আটক ৬ ডাকাতের কাছ থেকে একটি দেশীয় একনলা ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ডাকাতি, ছিনতাই ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।