তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘মঙ্গলবার বিএনপির কেন্দ্র থেকে খুলনা-১ আসনে আমীর এজাজ খান, খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল ও আরিফুর রহমান মিঠু, খুলনা-৪ আজিজুল বারী হেলাল ও শরীফ শাহ কামাল তাজ, খুলনা-৫ আসনে ডা. গাজী আবদুল হক, ড. মামুন রহমান ও মিয়া গোলাম পরওয়ার (জামায়াত), খুলনা-৬ এস এম শফিকুল আলম মনা ও আবুল কালাম আজাদকে (জামায়াত) মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য চিঠি দিয়েছে।’
আরিফুর রহমান মিঠু বলেন, ‘সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পাওয়া গেছে।’ যা চূড়ান্ত হলে সবার সহযোগিতায় তিনি নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে খুলনা ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল বুধবার বেলা ১১টায় মনোনয়নপত্র রিটার্নিং অফিসার কার্যালয়ে দাখিল করবেন বলে জানিয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি বকুল মঙ্গলবার রাতে নিজ বাড়ীতে এসে পৌঁছান। এসময় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিবাদন জানান।
এছাড়া খুলনা-১, ২, ৪, ৫ ও ৬ আসনের মনোনীত প্রার্থীরা বুধবার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন।
মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘গত ১২ বছরে বিএনপি নেতাদের নামে একাধিক মামলা হয়েছে। অনেকের মামলায় সাজাও হয়েছে। কেউ কেউ এখনও কারাগারে রয়েছেন। আবার নির্বাচনকে সামনে রেখে সরকার আদালতকে ব্যবহার করে অনেক নেতার নামে থাকা মামলাগুলোর শুনানি পিছিয়ে জামিন বাতিল করা হচ্ছে। ফলে নির্বাচনের আগে কোনও প্রার্থীর সাজা হলে বা কেউ কারাগার থেকে মুক্ত না হতে পারলে, সেখানে বিকল্প প্রার্থীকে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হবে। এছাড়া কারও প্রার্থিতা ঋণখেলাপির কারণে বাদ পড়ে যেতে পারে। এ সব বিবেচনায় নিয়ে বিএনপি এক আসনে একাধিক প্রার্থীকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়েছে, সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে বিএনপি নেতৃতাধীন ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনীত সব প্রার্থী বুধবার একসঙ্গে রিটার্নং অফিসারের কাছে মনোনয়েনপত্র জমা দিবেন। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে প্রার্থী ও তাদের কর্মীরা উপস্থিত হবেন। এরপর প্রার্থীদের নির্বাচনের সাফল্য কামনা করে বিশেষ দোয় ও মোনাজাত করা হবে। দোয়া শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের দফতরে যাবেন এবং আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিবেন মনোনীত সব প্রার্থী।