সাতক্ষীরায় স্ত্রী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

আদালত

সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী জালাল সানাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ সৈয়দ সাদেকুল ইসলাম তালুকদার এ রায় দেন।

মৃতদণ্ডপ্রাপ্ত আসামি জালাল সানা কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল সানার ছেলে।

সাতক্ষীরা জজ কোর্টের পিপি তপন কুমার দাস জানান, এ বছরের ১৩ মার্চ পারিবারিক কলহের জেরে স্ত্রী নাসিমা খাতুনকে কুপিয়ে হত্যা করে জালাল সানা। এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে পরদিন কালিগঞ্জ থানায় মামলা করেন। ১৭ মে জালাল সানার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন কালিগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১৩ জনের সাক্ষ্য নিয়ে আজ বিচারক এ রায় দেন।