এই কমিশনের অধীনেই নির্বাচন সুষ্ঠু হবে: হানিফ

বক্তব্য রাখছেন মাহবুবউল আলম হানিফ (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে গেলে সেই নির্বাচন ভালো আর বিপক্ষে গেলে সেই নির্বাচন খারাপ –এই হলো বিএনপির চরিত্র। এই কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ স্বাধীনভাবে তাদের রায় দেবে এবং সেই রায় আওয়ামী লীগের পক্ষেই আসবে, ইনশাল্লাহ।’

শনিবার (১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অডিটোরিয়ামে যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি প্রতিদিনই বলছে, এ নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা নেই। তাদের আস্থা মূলত জালিয়াতি করে জিততে পারাতে, আজিজ মার্কা নির্বাচন কমিশনের ওপর।’

‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না’ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘আওয়ামী লীগের বিষয়ে মাথা না ঘামিয়ে নিজের আসনে জয়লাভ করতে পারবেন কিনা, মির্জা ফখরুল সাহেব, সে বিষয়ে মাথা ঘামান। ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেনকে হারিয়ে আপনার জনপ্রিয়তা দেখান।’

তিনি আরও বলেন, ‘এর আগেও ২০০৮ সালেও খালেদা জিয়া এমন কথাই বলেছিলেন। কিন্তু উল্টো তারাই ২৯টি সিট পেয়েছিলেন।’

কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস প্রমুখ।